
নিউজ ডেস্কঃ নতুনধারা বাংলাদেশের (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সাংবাদিকরা সত্য কথা তুলে ধরে কোন অন্যায় করেন না, বরং তারা সরকারকে সহযোগিতা করেন। সেই সাংবাদিক-কার্টুনিস্টদের সমালোচনা সহ্য করার শক্তিও হারিয়েছে সরকার। যে কারণে নির্মম আইন দিয়ে অন্যায়ভাবে বন্ধ করতে চাইছে। সাংবাদিকরা যুগে যুগে দেশ ও মানুষের কল্যাণে কথা ভেবেছে। তারা সত্য কথা বলায় অবিচল থেকেছে। সাংবাদিক শফিকুল ইসলাম কাজল, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, দিদারুলকে কারাগারে নিক্ষেপ করে সাংবাদিকদের সত্য বলার কলম থামানো যাবে না।
রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রেফতারকৃত সাংবাদিক-কলামিস্ট-কার্টুনিস্টদের মুক্তির দাবিতে নতুনধারা বাংলাদেশের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় ডাকসুর ভিপি নুরুল হক নুর, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, রাষ্ট্রচিন্তার অন্যতম সদস্য রাখাল রাহা, অনলাইন প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান নিলীমা চৌধুরী, তৈয়ব হাবিলদার প্রমুখ অংশ নেন।