
নিউজ ডেস্কঃ করোনায় মৃত সংবাদকর্মীদের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সাংবাদিকদের সংগঠন -বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।শনিবার (৯ মে) সংগঠন দু'টি এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে। জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে'র একটি যৌথসভা থেকে এ দাবি আদায়ের সিদ্ধান্ত আসে।জরুরি ওই সভায় দেশব্যাপী করোনা দূর্যোগের সময় সংবাদপত্র ও টেলিভিশন মালিকদের সংগঠন নোয়াব ও অ্যাটকো’র ভুমিকায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেন নেতৃবৃন্দ। বলা হয়, করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজন সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরো অন্তত ৮০ জন গণমাধ্যমকর্মী আক্রান্ত হয়ে হাসপাতাল ও ঘরে-বাইরে চিকিৎসাধীন থাকার পরেও গণমাধ্যম মালিকদের দু'টি সংগঠন এবং সম্পাদক পরিষদের মতো দায়িত্বশীল সংগঠন, দুর্দশাগ্রস্ত সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে সাহস যোগাবে বলে আশা করা হয়েছিল। কিন্তু কার্যত তা দেখা যায়নি। এমনকি করোনায় নিহত সাংবাদিকের জন্য একটি শোক বিবৃতি/বার্তা পাঠানোর মতো দায়িত্ববোধও এ সব সংগঠনের নেতাদের দেখা যায়নি।বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় উভয় সংগঠনের নেতারা গণমাধ্যমের অগ্রগতি ও সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে বেশ কিছু প্রস্তাব ও দাবি তুলে ধরেন। করোনার এই ভয়াবহ দুযোর্গের কথা উল্লেখ করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এই কঠিন সময়ে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা, কর্মী ছাঁটাই ও বকেয়াসহ বেতন ভাতাদি পরিশোধে গণমাধ্যম মালিকেরা ব্যর্থ হলে সাংবাদিক ইউনিয়ন কর্মবিরতি পালন ও ধর্মঘটের মতো কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হবে।