News71.com
 Bangladesh
 08 May 17, 06:33 PM
 179           
 0
 08 May 17, 06:33 PM

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী।।  

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী।।   

নিউজ ডেস্কঃ হে নূতন,দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ/ তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন সূর্যের মতন—নিজের জন্মদিন পঁচিশে বৈশাখকে এভাবেই নবীনদের ডাক দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ ২৫ বৈশাখ;কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের (১৮৬১ খ্রিস্টাব্দ) এই দিনটিতে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৪১ সালের বাংলা ২২ শ্রাবণ মৃত্যুবরণ করলেও বাঙালির হৃদয়ে;বাংলা সাহিত্যে চির আসন করে নিয়েছেন কবি।

১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য প্রথম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার অর্জন করেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলা ভাষা ও সাহিত্য। তাঁর কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, নাটক, সংগীত,শিশুতোষ রচনা,পত্রসাহিত্য বাংলা সাহিত্যের অমর সংযোজন। বিস্ময়কর প্রতিভার অধিকারী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিচরণ ছিল বাংলা সাহিত্যের প্রায় সকল শাখায়। তাঁর লেখা গান আমাদের জাতীয় সংগীত। বাঙালির মহান মুক্তিসংগ্রামে রবীন্দ্রনাথের গান জুগিয়েছে প্রেরণা। রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

বরাবরের মতোই আজ সারা দেশে আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হবে কবিগুরুর জন্মদিনের উৎসব। জন্ম বার্ষিকীর মূল অনুষ্ঠান হবে রবীন্দ্র স্মৃতিবিজড়িত নওগাঁর পতিসরে। আজ সোমবার বেলা আড়াইটায় নওগাঁর পতিসরে রবীন্দ্র কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এছাড়াও কবিগুরুর স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ,সিরাজগঞ্জের শাহজাদপুর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগসহ ঢাকায় যথাযোগ্য মর্যাদায় তার জন্মবার্ষিকী উদযাপন করা হবে। এ উপলক্ষে রবীন্দ্রমেলা,রবীন্দ্রবিষয়ক আলোচনা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করবে স্থানীয় প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন