
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এখন থেকেই নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে নামার জন্য দলের সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন,অনেক উন্নয়নমূলক কাজ করেছি বলে আত্মতুষ্টিতে ভুগলে কিংবা নির্বাচনকে সহজভাবে নিলে চলবে না। আগামী নির্বাচন কঠিন ও চ্যালেঞ্জিং হবে। তাই জনপ্রিয়তা ছাড়া কাউকে মনোনয়ন দেওয়া হবে না। এলাকায় দলের অভ্যন্তরীণ বিরোধ দ্রুত নিষ্পত্তি করারও নির্দেশ দেন তিনি। গতকাল রবিবার রাতে জাতীয় সংসদ ভবনের নবম তলাস্থ সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে স্বতন্ত্র ১১ জন সংসদ সদস্য প্রথমবারের মতো এই বৈঠকে অংশ নেন। তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন থেকে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করুন। দলের নেতা-কর্মীদের উপেক্ষা করলে কিন্তু আপনারা আগামীতেও মনোনয়ন পাবেন না। যার যার এলাকায় নেতা-কর্মীদের মধ্যে দূরত্ব রয়েছে তা দ্রুত সমাধান করে দলকে শক্তিশালী করে গড়ে তুলুন। আগামী নির্বাচনে বিজয়ী হতে এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে নামুন।
সংসদীয় দলের বৈঠকে সভাপতির বক্তব্যে রাখতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। তাই এখন থেকেই নির্বাচনী এলাকায় থেকে জনগণের মন জয় করুন,সরকারের গত আট বছরের ব্যাপক সাফল্যেগুলো তুলে ধরুন। মনে রাখবেন,দিন শেষে কিন্তু জনগণের কাছেই যেতে হবে। সরকারের জনকল্যাণমুখী কাজগুলো দেশবাসীর সামনে তুলে ধরুন। জনগণের মন জয় করুন, কর্মীদের মূল্যায়ন করুন।
দলের মধ্যে কোন ধরনের কোন্দল-দ্বন্দ্বের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের মধ্যে কোন ধরনের বিভেদ-অনৈক্য বরদাস্ত করা হবে না। সারাদেশের তিনশ' আসনের জরিপ রিপোর্ট ও প্রকৃত চিত্র আমার কাছে আছে। আরো জরিপ চালাবো। নির্বাচনী এলাকায় কার কী অবস্থা, জনসমর্থন কার কেমন, আর কারা জনপ্রিয়তা হারিয়েছেন- সব রিপোর্ট আমার কাছে রয়েছে। তাই সবাই সাবধান হয়ে যান, নির্বাচনী এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জনগণের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করুন। যার বিরুদ্ধে দলের মধ্যে বিশঙ্খলা সৃষ্টি করবে তাদের কাউকেই ক্ষমা করা হবে না।
রাত ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকের পুরোটাই ছিল নির্বাচনী তত্পরতা বৃদ্ধির প্রসঙ্গে। প্রধানমন্ত্রী বারংবার এমপিদের সরকারের উন্নয়ন-সাফল্যেগুলো জনগণের সামনে তুলে ধরার নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রী বেশ ক’জন এমপির পরীক্ষাও নেন বৈঠকে। তিনি বেশ কয়েকজন এমপির কাছ থেকে জানতে চান- সরকার কতজন শিক্ষার্থীকে বিনামূল্যে বই দিয়েছে? কতজনকে ভিজিএফ কার্ড দেয়া হচ্ছে? কতজনকে অসহায়-বিধবা ভাতা দেওয়া হচ্ছে। এ সময় বেশিরভাগ এমপিই প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন।
এ সময় প্রধানমন্ত্রী এমপিদের আরো বেশি পড়াশুনা করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার নির্দেশ দিয়ে বলেন, আমরা এতো আর্থ-সামাজিক বিপ্লব ও উন্নয়ন করেছি। এমপিরাই যদি এসব বিষয়ে অজ্ঞ হোন তবে আমরা জনগণকে কীভাবে অবহিত করব। তাই জনগণের জন্য আমরা কী কী কাজ করছি তা জনগণের সামনে তুলে ধরুন। নিজ নিজ এলাকার উন্নয়নগুলো ভোটারদের ঘরে ঘরে গিয়ে জানান,সামাজিক গণমাধ্যমেও সবকিছু তুলে ধরুন। এমপিদের হুঁশিয়ার করে তিনি বলেন,আমি কারোর দায়িত্ব নিতে পারব না। নিজের আসনে নিজে প্রস্তুত হোন। জনবিচ্ছিন্ন কাউকে কিন্তু মনোনয়ন দেব না,তিনি যত বড়ই নেতা হোন না কেন। জনগণের কাছে যেতে হবে,কর্মীদের মূল্যায়ন করতে হবে। মনে রাখবেন- দিন শেষে কিন্তু জনগণের কাছেই যেতে হবে।