News71.com
 Bangladesh
 07 May 17, 11:21 PM
 230           
 0
 07 May 17, 11:21 PM

কিশোরগঞ্জে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার।।  

কিশোরগঞ্জে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার।।   

নিউজ ডেস্কঃ বন্যার্তদের জন্য বরাদ্দ করা ত্রাণের ৫মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হরনাথ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার রাত সাড়ে ৯ টায় ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মোহাম্মদ মশিউর রহমান তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ইউএওন জানায়, দশ কেজি করে পাঁচশ' লোকের মাঝে বিতরণের জন্য গত ৩০ এপ্রিল চেয়ারম্যানকে জেনারেল রিলিফের (জিআর) পাঁচ মেট্রিক টন চাল দেওয়া হয়েছিল। ১ মে চালগুলো বিতরণের কথা ছিল। ওইদিন বিকেলে চাল বিতরণ করা হয়েছে মর্মে চেয়ারম্যান জানান। কিন্তু আজ রবিবার সকালে ধনপুরের কয়েকজন লোক এসে ইউএনওর কাছে কোনো চাল বিতরণ করা হয়নি মর্মে অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় মোবাইল ফোনে চেয়ারম্যানকে তার কার্যালয়ে ডেকে আনা হয়। তিনি চেয়ারম্যানের কাছে চাল বিতরণের মাস্টার রোল দেখতে চাইলে গড়িমসি শুরু করেন। এক পর্যায়ে তার (ইউএনও) পা জড়িয়ে ধরে ক্ষমা চান।

চাল উদ্ধারের জন্য রাতেই ইউএনও'র নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে ইটনা সদর জেটিঘাট এলাকার একটি ঘর থেকে ১০১ বস্তা চাল উদ্ধার করা হয়। ত্রাণের এ চাল বিক্রি করে দিয়েছিল বলে চেয়ারম্যান ইউএনও'র কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে ইউএওন জানান।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান আহমেদ বাদী হয়ে পেনাল কোডের ৪০৯ ধারায় চেয়ারম্যানের বিরুদ্ধে ইটনা থানায় নিয়মিত মামলা দায়ের করেন। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক মামলার বিষয়টি স্বীকার করে বলেন, চেয়ারম্যানকে গ্রেফতার দেখানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন