
নিউজ ডেস্কঃ শান্তিময় পৃথিবী গড়ার প্রত্যয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আমাদের মননে বিশ্বকবির ব্যঞ্জনাময় উপস্থিতি শোষণ,বঞ্চনা, সাম্প্রদায়িকতা,সহিংসতা ও অমানবিকতা প্রতিরোধের মাধ্যমে বাঙালির অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। বিশ্বকবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন,কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ও বাঙালির অহংকার। বিশ্বসাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র। অসাধারণ সব সাহিত্যকর্ম দিয়ে তিনি বিস্তৃত করেছেন বাংলা সাহিত্যের পরিসর।
প্রধানমন্ত্রী বলেন,কালজয়ী এ কবি জীবন ও জগৎকে দেখেছেন অত্যন্ত গভীরভাবে যা তাঁর কবিতা,ছোটগল্প,উপন্যাস,নাটক,গীতিনাট্য,প্রবন্ধ ও ভ্রমণ কাহিনী, সংগীত ও চিত্রকলায় সহস্রধারায় উৎসারিত হয়েছে। রবীন্দ্রনাথকে বহুমুখী প্রতিভার অধিকারী উল্লেখ করে তিনি বলেন,সাহিত্য,সংগীত ও শিল্পমাধ্যমের প্রতিটি শাখায় তাঁর অনায়াস বিচরণ সত্যিই বিস্ময়কর। বিশ্বকবির সমস্ত সৃষ্টির মূলে নিহিত মানবতাবাদ তাঁকে বিশিষ্টতা দান করেছে। শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতির চিরন্তন সৌন্দর্য ও বৈচিত্র্যের সাধক। ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যের বৈশ্বিক যাত্রাকে বেগবান করেছেন।
তিনি বলেন,রবীন্দ্রনাথ ছিলেন জীবনমুখী শিক্ষাদর্শনের পথপ্রদর্শক। তাঁর শিক্ষা-ভাবনা আমাদের বিজ্ঞানভিত্তিক,আধুনিক শিক্ষায় অগ্রগামী হতে অনুপ্রাণিত করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির স্বপ্ন পূরণের লক্ষ্যে কালোত্তীর্ণ এ কবির সৃষ্টিকে প্রেরণা হিসেবে গ্রহণ করেছিলেন জানিয়ে শেখ হাসিনা বলেন,কবিগুরুর অমর সৃষ্টি ‘আমার সোনার বাংলা,আমি তোমায় ভালবাসি’ গানটি জাতির পিতা বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করেন,যা দেশের মানুষের মনে সঞ্চারিত করেছে দেশপ্রেমের নতুন প্রেরণা।