
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিকমানের ১০০ শয্যাবিশিষ্ট ‘গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার’ চালু হচ্ছে এ মাসে। রাজধানীর ধানমণ্ডি-৬ নম্বরে এই সেন্টার চালু হচ্ছে। সেন্টারটি চালু হলে অপেক্ষাকৃত কম খরচে প্রতিদিন ৫০০ কিডনি ডায়ালাইসিস রোগী বিশ্বমানের সেবা পাবে। ২৪ ঘন্টা চালু থাকা সেন্টারটিতে প্রতিদিন ২৫ দরিদ্র রোগী পাবেন সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালাইসিস সেবা। বাকি ৩৫০ রোগী পাবেন ১১০০ টাকায়,১৫০ রোগী পাবেন ১৫০০টাকায় এবং ধনী বা উচ্চবিত্ত শ্রেণির ৫০ রোগী পাবেন ৩ হাজার টাকায় ডায়ালাইসিস সেবা। এটি সম্পূর্ণ অলাভজনক সেবা প্রতিষ্ঠান বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ।
গতকাল শনিবার গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে ‘গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের আন্তর্জাতিক মানের সেবাসমূহের সঙ্গে পরিচিত করার জন্য আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডা. জাফরউল্লাহ বলেন,দেশের বৃহত্তম কিডনী সেবা কেন্দ্র হবে এটি। সেন্টারটির সঠিকমান নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন আইসিডিডিআরবি ল্যাবরেটরির প্রধান ও মাইক্রোবায়োলজি,সংক্রামক রোগ মেডিসিন -এর অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান। এ ছাড়াও আছেন নেফ্রোলজি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আবদুল হামিদ। অধ্যাপক এস এ হাফিজ -এর সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক তৌফিক করিম ও ডা. মুহিব উল্লাহ খোন্দকার।