
নিউজ ডেস্কঃ চট্টগ্রামে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি উল্টে এক সহকারী উপ-পরিদর্শকসহ ১৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় নগরীর সাগরিকা টোল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ। আহতরা সবাই শিল্প পুলিশের সদস্য। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক গৌরি লাল চাকমা জানিয়েছেন।
আহতদের মধ্যে চট্টগ্রাম শিল্প পুলিশের এএসআই মো. জাকির ছাড়া অন্য সবাই কনস্টেবল। তাদের ১১ জনের নাম জানা গেছে। এরা হলেন- কনস্টেবল হানিফ, ফারুখ,হান্নান,আবদুর হালিম,বিজয়,জাহাঙ্গীর,রফিক,ফিরোজ, জাকের,শফিক ও হাফিজুর। এ ব্যাপারে চট্টগ্রাম শিল্প পুলিশের পরিচালক তোফায়েল আহমেদ জানান,পুলিশ সদস্যদের বহন করা একটি মিনি ট্রাক রাঙামাটির বেতবুনিয়া থেকে নগরীতে ফিরছিল। সাগরিকা টোল রোড এলাকায় পৌঁছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে।