
নিউজ ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে যুবলীগের এক নেতাকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। শনিবার উপজেলা সদরের বলদাখাল রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে বলে দাউদকান্দিথানার ওসি মিজানুর রহমান জানান। নিহত আমির হোসেন রাজন (৩৫) উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার উপজেলা কাজিরকোনা গ্রামের দুলাল মুন্সির ছেলে। ওসি মিজানুর জানান, দাউদকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভায় যোগ দিতে যাচ্ছিলেন রাজন।
“পথে বলদাখাল রাস্তার মোড়ে মুখোশধারী সন্ত্রাসী তাকে ঘেরাও করে চাপাতি ও রামদা দিয়ে হাত-পায়ের রগ কেটে দেয় এবং হাঁটু থেকে গোড়াড়ি পর্যন্ত মাংস কেটে দিয়ে পালিয়ে যায়।” তার চিৎকারের পথচারীরা এগিয়ে এসে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। গৌরীপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আল-আমিন মিয়াজী বলেন, রাজনের হাত-পায়ের রগ এবং হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত মাংস কেটে ফেলায় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।