News71.com
 Bangladesh
 06 May 17, 07:22 PM
 370           
 0
 06 May 17, 07:22 PM

চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে আম ও ধানের ব্যাপক ক্ষতি, দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণার দাবি।।

চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে আম ও ধানের ব্যাপক ক্ষতি, দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণার দাবি।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ জেলাব্যাপী শিলাবৃষ্টি ও ঝড়ে আম,ধান,বিভিন্ন ফসল,বাড়িঘর,বিদ্যুতের পোল,শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতি ও বিধস্ত হওয়ায় নেমে এসেছে চরম দুর্ভোগ। অর্থনীতিতেও পড়েছে মারাত্মক প্রভাব। গত ৩০ বছরের রেকর্ড ভেঙে দু'দিনের ঝড়ে ও শিলাবৃষ্টিতে জেলায় অন্তত ৪০ ভাগ আম ও ৩০ ভাগ ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির কারণে পথে বসতে হবে অনেককে । সেখানে এখন বিরাজ করছে হাওর অঞ্চলের মতো পরিবেশ। এমন ব্যাপক ক্ষতিতে চাঁপাইনবাবগঞ্জকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা উচিত বলে মনে করেন এলাকাবাসী। ব্যাপক ক্ষয়ক্ষতি পর ক্ষতিগ্রস্থদের এখনো মেলেনি সরকারের কোনো সাহায্য ও সহযোগিতা,এমনকি ভরসাও। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি বা খোঁজখবর নিতে প্রশাসন ও সংশ্লিস্ট বিভাগের নেই কোনো উদ্যোগ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ,নাচোল,সদর ও গোমস্তাপুর উপজেলায় গত ১ মে সোমবার ও ৫ মে শুক্রবার কালবৈশাখীর তাণ্ডব ও শিলা বৃষ্টিতে আম,ধান ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতিসহ ২ হাজার ঘরবাড়ি,ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাঁচ শতাধিক আম গাছসহ বিভিন্ন গাছপালা ভেঙে যায়। কালবৈশাখীর তাণ্ডব ও শিলাবৃষ্টিতে আম,ধান ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতিসহ ঘরবাড়ি, গাছপালা,ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ পাঁচ শো কোটি টাকা ছাড়িয়ে যাবে। ২ দিনের কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে আম,ধান ও ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষক,জমির মালিক,আম চাষি ও বাগান মালিকরা হয়ে পড়েছেন দিশেহারা।

ঝড়ে শিবগঞ্জ,নাচোল ও গোমস্তাপুর উপজেলার ২ হাজার ঘরবাড়ি,ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে যায়। ব্যবসা-শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় ৮ হাজার ঘরবাড়ি আংশিক এবং এক হাজার ঘরবাড়ি ও শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। কালবৈশাখীর ছোবলে পড়া লোকজন এখন মানবেতর জীবনযাপন করছেন। জেলার ৪ উপজেলায় সবচেয়ে অবর্ণনীয় কষ্টের মধ্যে পড়েছেন দরিদ্র পরিবারগুলো। গত সোমবারের ঝড়ে গাছচাপা পড়ে একজন ও বজ্রপাতে ২ জন মারা যান। জেলার ৫ উপজেলার ৮০ ভাগ এলাকা সোমবার বিকেল থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সোমবারের ঝড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৯টি এবং পল্লী বিদ্যুতের ৪০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায় এবং বিদ্যুতের তার ছিঁড়ে যায় বলে জানায় গোমস্তাপুর বিদ্যুত উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী। গত ২ দিনের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে আম চাষি ও বাগান মালিকরা হয়ে পড়েছেন দিশেহারা। জেলায় অন্তত ৪০ ভাগ আম ঝড় ও শিলাবৃষ্টিতে ঝরে পড়ে এবং ক্ষতি হয়। ধান ও অন্যান্য ফসল ক্ষতি হয়েছে অন্তত ৩০ ভাগ।

বিরূপ প্রভাব পড়বে অর্থনীতিতে। গোমস্তাপুর থেকে রহনপুর পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের ধারে অন্তত এক শো ও শিবগঞ্জে বিভিন্ন এলাকায় অন্তত দুই শতাধিক আম গাছ ভেঙে যায়। সোমবার বিকেল গোমস্তাপুর থেকে রহনপুর সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সন্ধ্যা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা রাতব্যাপী গাছ অপসারণ করার পর মঙ্গলবার সকাল থেকে ওই সড়কে চলাচল শুরু হয়। শিবগঞ্জ উপজেলার ১০টি,গোমস্তাপুর ও নাচোল উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার অন্তত দুই হাজার ঘরবাড়ি,ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে যায়।

কৃষি বিভাগের পক্ষ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুলতান আলী জানান,এমন ক্ষতির পর আম ও ধান বিষয়ে করণীয় প্রসঙ্গে কৃষক ও চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। কোন ইউনিয়নে কতভাগ আম ও ধানের ক্ষতি হয়েছে শুধুমাত্র এই তথ্য সংগ্রহ চলছে। ম্যাঙ্গো ফাউন্ডেশনের আহ্বায়ক আমচাষি ও মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস জানান,গত ৩০ বছরের রেকর্ড ভেঙে দু'দিনের ঝড় ও শিলা বৃষ্টিতে আমার মতো কয়েক হাজার বাগান মালিক ও চাষির ক্ষতি হয়েছে। আমাদের যে করুন পরিণতি হয়েছে তা হাওরবাসীর চেয়ে কম নয়। সরকারের কাছে দাবী জানাই,ক্ষতিগ্রস্ত কৃষক, আমচাষি ও বাগান মালিকদের দ্রুত সাহায্য প্রদান করা হোক।

কানসাটের আম আড়ৎদার ও আম বাগান মালিক ইমরান আলী জানান,কানসাটে তার বিশাল আড়ৎঘর ঝড়ের কারণে মাটির সাথে মিশে গেছে। ক্ষতি হয়েছে অন্তত ১০ লাখ টাকা। ইমরান আরো জানান,আমার মতো অনেক কৃষক ও চাষির অর্ধেক আম ঝড়ে পড়ে গেছে এবং শিলাতে নষ্ট হয়ে গেছে। আমরা পথে বসে গেছি। কিভাবে বাঁচবো আর কিভাবে সংসার চালাবো,কিভাবে ঋণ শোধ করবো?

কানসাট ইউনিয়নের আম ব্যবসায়ী আবুল হোসেন,শিবগঞ্জের শামিম,আব্দুল লতিফ,সফিকুল ইসলামসহ অনেকেই জানান,এবছর আম চাষি ও ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ বলা কঠিন। এমন কেউ নাই যে অন্তত তার অর্ধেক ক্ষতি হয়নি। কৃষি বিভাগ থেকে ইউনিয়ন পর্যায় থেকে আমচাষি ও বাগান মালিকদের তালিকা করা উচিত। সে তালিকার ক্ষতিগ্রস্তদের অর্ধেক ক্ষতিপূরণ দেওয়া উচিত।

শিবগঞ্জ পৌর এলাকার বাগান মালিক মাসুদ রানা ও জামাল হোসেন পলাশ জানান, এবার ঋণ নিয়ে ১০ লাখ টাকা দিয়ে বাগান কিনেছিলাম। আশায় বুক বেঁধেছিলাম। ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতি না হলে বিনিয়োগ ও খরচ উঠে আসার পরও অন্তত ৩ লাখ টাকা লাভ করতে পারতাম। কিন্তু মিনিটের মধ্যেই আশার আলো নিভে গেল! শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এসএম আমিনুজ্জামান জানান,গত সোমবারের ঝড় ও শিলাবৃষ্টিতে শিবগঞ্জ উপজেলা ৭টি ইউনিয়ন বেশি ক্ষতি হয়। উপজেলায় প্রায় ৫৪ কোটি টাকার সাড়ে ১৬ শতাংশ আম ঝরে পড়ে এবং ১০ হেক্টর ভুট্টাক্ষেত ক্ষতিগ্রস্ত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন