
নিউজ ডেস্কঃ ২০৩০ সাল লক্ষ্য ধরে বাংলাদেশের উন্নয়নের জন্য যে রূপকল্প বিএনপি হাজির করার কথা বলছে,সেটাকে ‘নতুন ধাপ্পাবাজি’ বলছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন,আজকে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। খালেদা জিয়া নাকি ভিশন-২০৩০ ঘোষণা করবেন,এটা নুতন একটা ধাপ্পাবাজি। এই ধাপ্পাবাজি করে জনগণকে আর ভোলানো যাবে না। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ আয়োজিত এক আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের চিত্র তুল ধরে খাদ্যমন্ত্রী বলেন,আমরা অতীতের বিভীষিকাময় দিনগুলো ভুলিনি। বাংলাদেশের মানুষ আর সেই অবস্থায় ফিরে আসতে চায় না। তিনি আরো বলেন,দেশ এখন উন্নয়নের মহাসড়কে। যারা উন্নয়ন থামিয়ে দিতে চায়,যারা জঙ্গিবাদের জন্মদাতা ও মদদদাতা,যারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে,তাদেরকে কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না।
কামরুল বলেন,তারা (বিএনপি) লেভেল প্লেয়িং ফিল্ডের নামে সন্ত্রাসীদের অবাধে বিচরণের সুযোগ চাচ্ছে। অন্যদিকে গোপনে ২০১৩-১৪ সালের মতো সন্ত্রাস করার ছক কিন্তু তারা তৈরি করছে। আমরা আশা করি এরা (বিএনপি) আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা তাদের সঙ্গে নির্বাচনী খেলা আমরা খেলতে চাই। তারা যদি নির্বাচনে না আসেন তবে তোষামোদ করে নির্বোচনে আনার প্রশ্নই উঠে না।