News71.com
 Bangladesh
 06 May 17, 10:15 AM
 197           
 0
 06 May 17, 10:15 AM

চট্টগ্রামে বোয়ালখালীর এক চেয়ারম্যানের বাড়িতে অস্ত্র কারখানা।।  

চট্টগ্রামে বোয়ালখালীর এক চেয়ারম্যানের বাড়িতে অস্ত্র কারখানা।।   

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ি থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একটি ডাকাতি মামলায় গত বৃহস্পতিবার রাতে ওই চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতার ছোট ভাইকে গ্রেপ্তারের পর ওই বাড়িতে অভিযান চালানো হয়। ফেরার পথে চেয়ারম্যানের আরেক ছোট ভাইয়ের নেতৃত্বে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগে এই অভিযান চালায় মহানগর পুলিশ। আহত পুলিশ সদস্যরা হলেন নগরীর বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আইয়ুব উদ্দিন ও এইচ এম এরশাদ উল্লাহ এবং চন্দগাঁও থানার এসআই মো. মফিজ উদ্দিন।

এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) এস এম মোবাশ্বের হোসেন বলেন,বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগে অভিযান পরিচালনাকালে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামি মো. সাইফুদ্দিন বাপ্পী (৪৬) বোয়ালখালী উপজেলার ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি বেলাল উদ্দিনের ছোট ভাই। তিনি গ্রামের বাড়ি থাকেন না, চট্টগ্রাম শহরে থাকেন।

পুলিশ জানায়,গত ১ মে বিকেলে নগরীর শহীদ নগর এলাকা থেকে অস্ত্র ও ১১টি গুলিসহ তিন ‘ডাকাতকে’ গ্রেপ্তার করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্রদাতা হিসেবে বাপ্পীর নাম পাওয়া যায়। গত বৃহস্পতিবার রাতে আমিন জুট মিল পেট্রল পাম্প এলাকা থেকে দুটি বিদেশি পিস্তলসহ বাপ্পীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছে আরো অস্ত্র থাকার কথা স্বীকার করার পর নগরীর বায়েজিদ বোস্তামী ও চান্দগাঁও থানার পুলিশ বোয়ালখালী থানা পুলিশকে সঙ্গে নিয়ে গত বৃহস্পতিবার রাতে সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ চেয়ারম্যানের বাড়িতে (বাপ্পীর বাড়িতে) অস্ত্র উদ্ধারে যায়।

অভিযানের নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা মোবাশ্বের হোসেন বলেন,বাড়ির কাছারি ঘর থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার শেষে বাপ্পীকে নিয়ে ফেরার পথে তাঁর ছোট ভাই সালাউদ্দিন রুমির নেতৃত্বে ৫০-৬০ জন লোক পুলিশের ওপর হামলা চালায়। তারা বাপ্পীকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ কর্মকর্তা আরো জানান,অভিযানে বাড়ি থেকে একটি বিদেশি রিভলবার, একটি শাটার গান,একটি এয়ারগান,চাইনিজ কুড়াল,বিভিন্ন সাইজের চারটি ধামা, ১৬টি বিভিন্ন সাইজের ছুরি,ওয়েল্ডিং মেশিন,বায়ু সরবরাহকারী মেশিন,লোহা ঘষার র্যা ত,কাঁটা কম্পাস,ড্রিল মেশিন,লোহার ছাঁচ,গ্রেন্ডিং মেশিন,অস্ত্রের ম্যাগাজিন স্প্রিং,ছোট-বড় প্লাস,ড্রিলিং স্ক্রুসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার মোবাশ্বের হোসেন বলেন,বাপ্পীর বাড়ি থেকে উদ্ধার করা সরঞ্জামগুলো দিয়ে অস্ত্র তৈরি করা হয়। এ ছাড়া আমাদের কাছেও তথ্য আছে,বাপ্পী অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত। এ ঘটনায় বাপ্পী ছাড়াও তাঁর ছোট ভাই সালাউদ্দিন রুমি ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বোয়ালখালী থানায় মামলা করা হবে বলে জানান মোবাশ্বের হোসেন। এদিকে বাপ্পীর বিরুদ্ধে অস্ত্র আইনে আরো তিনটি মামলা আছে বলে জানিয়েছে বায়েজিদ বোস্তামী থানার পুলিশ। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আসামি বাপ্পী ও রুমিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত ছিল বলে জানান নগর পুলিশের সহকারী কমিশনার মোবাশ্বের হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন