
নিউজ ডেস্কঃ মাগুরার মহম্মদপুরে পুলিশ ও জুয়াড়িদের মধ্যে সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আট নর্তকী ও ১৯ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩৮টি চোরাই মোটরসাইকেল। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কালিশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে।
মহম্মদপুর থানার ওসি তরীকুল ইসলাম জানান, ভোরে পুলিশ সুপারের নেতৃত্বে মহম্মদপুর থানা পুলিশ কালিশংকরপুর গ্রামে একটি জুয়ার আসরে অভিযান চালানো হয়। এ সময় জুয়াড়িরা পুলিশের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে। জুয়াড়িদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থল থেকে আট নর্তকী ও ১৯ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৩৮টি চোরাই মোটরসাইকেল। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, অনৈতিক কর্মকাণ্ড, জুয়া আইন ও চোরাই মোটরসাইকেল রাখাসহ আরো একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের মহম্মদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।