
নিউজ ডেস্কঃ ভেড়ার ভ্রুণ উৎপাদন,সংরক্ষণ এবং হিমায়িত ভ্রুণ প্রতিস্থাপন ও বাচ্চা উৎপাদনে সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের গবেষকরা। এ ধরনের কাজ বাংলাদেশে প্রথম হয়েছে বলে দাবি করেছেন গবেষকরা। বাংলাদেশে দীর্ঘদিন ধরে কৃত্রিম প্রজনন ব্যবস্থার প্রচলন থাকলেও নানা কারণে গবাদিপশু গর্ভধারণের হার আশানুরূপ ছিল না। কম সময়ে উচ্চগুণ সম্পন্ন অধিক সংখ্যক গবাদি পশুর বাচ্চা উৎপাদনের জন্য সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ও প্রকল্পের প্রধান গবেষক ড. নাছরিন সুলতানা জুয়েনা ও প্রকল্পের সহকারী পরিচালক ড. ফরিদা ইয়াসমীন বারী গবেষণা শুরু করেন। তাদের এ কাজে সহযোগিতা করেন তিনজন গবেষক ও কয়েকজন স্নাতকোত্তর শিক্ষার্থী।
১১টি ভেড়িতে ২২টি হিমায়িত ভ্রুণ এবং চারটি গাভীতে আটটি হিমায়িত ভ্রুণ প্রতিস্থাপন করা হয়। দীর্ঘ আড়াই বছরের গবেষণার পর গত মঙ্গলবার রাতে হিমায়িত ভ্রুণ প্রতিস্থাপিত ১১টি ভেড়ির মধ্যে একটি ভেড়ার দুটি সুস্থ শাবক জন্ম নিয়েছে। বাচ্চা দুটির নাম দেওয়া হয়েছে বাউভি আশা ও বাউভি উৎস। ভ্রুণ প্রতিস্থাপনের মাধ্যমে ভেড়ার বাচ্চা উৎপাদনের ঘটনা বাংলাদেশে এই প্রথম।