
নিউজ ডেস্কঃ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দুর্গম চর থেকে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম এমদাদ বেপারী (৪২)। আজ বুধবার সকালে ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের প্রজাপতির চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায় দুর্গম প্রজাপতির চর এলাকায় এমদাদ তার সঙ্গীদের নিয়ে ডাকাতি করে নেয়া গরু বিক্রির টাকা ভাগ-বাটোয়ারা করছিল। এমন সংবাদের ভিত্তিতে ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাত দল দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ এমদাদকে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাশি করে পাঁচ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীন-ই আলম বলেন, আটক এমদাদ সংঘবদ্ধ গরু ডাকাতি চক্রের একজন সক্রিয় সদস্য। সে ওই এলাকার মৃত আবু বক্কর বেপারীর ছেলে। এ ব্যাপারে ইসলামপুর থানায় একটি মামলা হয়েছে।