News71.com
 Bangladesh
 03 May 17, 10:58 PM
 242           
 0
 03 May 17, 10:58 PM

নবীন পুলিশ কর্মকর্তাদের দেশপ্রেমের মহান আদর্শে উজ্জীবিত করলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া

নবীন পুলিশ কর্মকর্তাদের দেশপ্রেমের মহান আদর্শে উজ্জীবিত করলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া

নিউজ ডেস্কঃ পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত ৩৫ তম বিসিএস পুলিশ ব্যাচের নবীন কর্মকর্তাদের ওরিয়েন্টেশন ক্লাসে নবীন পুলিশ কর্মকর্তাদের দেশপ্রেমের মহান আদর্শে উজ্জীবিত করলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম। আজ বুধবার ৩ এপ্রিল’১৭ দুপুর ২টায় পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে মৌলিক প্রশিক্ষণে যাওয়ার পূর্বে নবীন কর্মকর্তাদের ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়। ৩৫ তম বিসিএস পুলিশ ব্যাচের ১২৫ জন নবীন কর্মকর্তা এ ক্লাসে অংশগ্রহণ করেন। বিসিএস ক্যাডার হিসেবে পুলিশ সার্ভিসকে বেছে নেয়ায় নবীন কর্মকর্তাদের স্বাগত ও শুভেচ্ছা জানান ডিএমপি কমিশনার। তিনি নবীন কর্মকর্তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাংগঠনিক পরিচিতি, ভিশন-মিশন, অপরাধ নির্মূল, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ, ট্রাফিক ব্যবস্থাপনা, আধুনিকায়ন, ডিজিটালাইজেশন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন। জঙ্গীবাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের সাফল্য সম্পর্কে তিনি সাম্প্রতিক সময়ে গৃহীত বিট পুলিশিং, ভাড়াটিয়া তথ্য নিবন্ধন কার্যক্রম (Citizen Information Management System), উঠান বৈঠকের মাধ্যমে সামাজিক আন্দোলনের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।
নবীন কর্মকর্তাদের দেশপ্রেমের মহান আদর্শে উজ্জীবিত হয়ে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, মাদকের বিরুদ্ধে অব্যাহত সংগ্রামে অবতীর্ণ হওয়ার পাশাপাশি মানবতা এবং জননিরাপত্তা রক্ষার্থে কর্মপন্থা নির্ধারণের আহবান জানান ডিএমপি কমিশনার। উক্ত ওরিয়েন্টেশন ক্লাসে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএমসহ পুলিশের উর্ধ্বন কর্মকর্তাবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন