
নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে ছাত্রদল। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বিভিন্ন স্পটে বিক্ষোভ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। বুধবার দুপুরে বিজয়নগর এলাকায় বিক্ষোভ করে কেন্দ্রীয় ছাত্রদল। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে মিছিলটি বিজয়নগর থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলমগীর হাসান সোহান, মনিরুজ্জামান রেজিন, মামুন বিল্লাহ, নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ, তরিকুল ইসলাম টিটু, আশরাফুর রহমান বাবু,আতিকুজ্জামান রিপন, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মিয়া মো. রাসেল, আব্দুর রহিম হাওলাদার সেতু, মো. মিজানুর রহমান সোহাগ, আবুল হাসান, আব্দুল করিম সরকার, আজিজুর রহমান আজিজ, শাহ্ নাসির উদ্দীনরুম্মন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মিনহাজুল ইসলাম ভূইয়া প্রমুখ অংশ নেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড় থেকে মিছিল বের করে। পরে ঢাকা ক্লাবের সামনে দিয়ে রমনা পার্কে গিয়ে মিছিলটি শেষ হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকীর নেতৃত্বে মিছিলে বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি নজরুল ইসলাম নাহিদ, বিশ্বজিৎ ভদ্র, আতাহার খান শাহীন, যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান, এম এম মহিন উদ্দিন রাজু প্রমুখ অংশ নেয়।