
নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন,দেশের সকল নাগরিকের ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য’ সম্পর্কে আলোচনা করার অধিকার রয়েছে। কোন মৌলবাদী দল বা ব্যক্তি এ বিষয়ে কোনো নাগরিককে হয়রানি করতে চেষ্টা করলে সেক্ষেত্রে রাষ্ট্র ওই নাগরিকের পাশে দাঁড়াবে। আজ বুধবার রাজধানীর সিক্স সিজনস হোটেলে ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার’ শীর্ষক দিনব্যাপী নলেজ ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শেয়ার-নেট বাংলাদেশ এ ফেয়ারের আয়োজনে এ অনুষ্ঠানটি যৌথভাবে সমন্বয় করছে রেড অরেঞ্জ মিডিয়া অ্যান্ড কম্যুনিকেশনস ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ। আজ শেয়ার-নেট বাংলাদেশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।এতে জানানো হয়, বাংলাদেশ শেয়ার-নেট হচ্ছে,শেয়ার-নেট ইন্টারন্যাশনালের একটি শাখা,এটি বাংলাদেশে নলেজ প্লাটফর্ম হিসেবে যৌন,প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে।এই প্লাটফর্মটির লক্ষ্য হচ্ছে উন্নয়নশীল দেশগুলোতে এ খাতে ফলপ্রসূ কৌশল ও নীতিগত দিক নিরূপণ করা।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের গবেষণায় প্রাপ্ত তথ্য উপাত্ত ও ফলাফলের ভিত্তিতে এ অনুষ্ঠানে যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই নলেজ ফেয়ারে তিনটি সেশন অনুষ্ঠিত হয়। তিনটি সেশনে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। বিষয়গুলো হচ্ছে,বাল্য বিবাহ,যৌন সহিংসতা এবং মাসিক নিয়মিতকরণ।
তথ্যমন্ত্রী বিশ্ব গণমাধ্যম দিবসে এ ধরনের একটি ব্যতিক্রমী আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন,এ সব বিষয়ে জনগণকে সঠিক তথ্য জানানো দরকার। তিনি ও তাঁর সরকার এ বিষয়ে অঙ্গীকারাবদ্ধ।