News71.com
 Bangladesh
 03 May 17, 06:59 PM
 199           
 0
 03 May 17, 06:59 PM

ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৬৪ জনকে জরিমানা

ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৬৪ জনকে জরিমানা

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরা এলাকায় ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা পারাপারের দায়ে ৬৪ জনকে জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত। তাদেরকে জরিমানা করা হয়েছে মোট চার হাজার ৬৫ টাকা। বুধবার বেলা ১১ টার দিকে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান এই আদালত পরিচালনা করেন। ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগ হাউজবিল্ডিং ক্রসিংয়ে ফুটওভার ব্রিজ ব্যবহারে জনগণকে সচেতন করতে এই আদালত পরিচালনা করে। ওই এলাকায় নিরাপদে সড়ক পারাপারে একটি বেশ বড়সড় ফুটওভার ব্রিজ থাকলেও পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে নিচ দিয়ে ছুটোছুটির প্রবণতা আছে। বারবার অনুরোধ করলেও পথচারীরা এই প্রবণতা ছাড়তে চাইছেন না। এটা অবশ্য কেবল এক উত্তরার সমস্যা নয়, এমনকি বিমানবন্দর মোড় এবং বনানী মোড়ে ফুটওভার ব্রিজে চলন্ত সিড়ি বসিয়েও পথচারীদেরকে সড়কে ছোটাছুটি থেকে বিরত রাখা যায়নি।

উত্তরার অভিযানের বিষয়ে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার প্রবীর কুমার রায় বলেন, ‘ট্রাফিক আইন সর্ম্পকে জনগণকে সচেতন করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ফুটওভারব্রিজ ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ট্রাফিক উত্তর বিভাগের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ভবিষ্যতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা হবে। ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার খোরশেদ আলম, বিমানবন্দর বিভাগের জেষ্ঠ্য সহকারী কমিশনার জিন্নাত আলী মোল্লা প্রমুখ এই অভিযানে উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন