
নিউজ ডেস্কঃ বরিশালের বানারীপাড়ায় তিন স্কুলছাত্রী নিখোঁজের খবর পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বানারীপাড়া থানা পুলিশ। নিখোঁজ ছাত্রীরা হলো, রায়েরহাট এলাকার বাসিন্দা হেলাল খানের মেয়ে এবং বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী স্বর্ণা, একই স্কুলের ছাত্রী আঁখি ও চাখার এলাকার বাসিন্দা কবির হোসেনের মেয়ে এবং চাখার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাইয়া। জানা গেছে, মঙ্গলবার বিকাল ৩টায় স্বর্ণা, আঁখি ও সুমাইয়া বানারীপাড়া পৌরসভার মাহামুদিয়া মাদ্রাসার পাশে দোলা ম্যাডামের বাসায় পড়তে যায়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় আজ বুধবার স্বর্ণার মা সালমা ও সুমাইয়ার মা সাহানা পারভীন থানায় পৃথক দুইটি সাধারণ ডায়েরি করেছেন। তবে আঁখির পরিবার থেকে কোনো ডায়েরি করা হয়নি। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন ঢাকাটাইমসকে বলেন, নিখোঁজের ঘটনায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ তিনজনের সন্ধান চালাচ্ছে পুলিশ।