News71.com
 Bangladesh
 03 May 17, 11:05 AM
 248           
 0
 03 May 17, 11:05 AM

ঢাকাসহ সারা দেশে বজ্রবৃষ্টি আরো ৫ দিন অব্যাহত থাকতে পারে  

ঢাকাসহ সারা দেশে বজ্রবৃষ্টি আরো ৫ দিন অব্যাহত থাকতে পারে   

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ সারা দেশে আরো ৫দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সে সঙ্গে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতি ঘণ্টায় (১০-১৫) কিলোমিটার থাকবে। যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় (৪০-৫০) কি.মি. হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। আগামী ৫দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আজ বুধবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন