
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে কে বা কারা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দে ৮৪ ও ৮৬ নম্বর সড়ক এবং এর আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরিত হওয়া স্থানের অদূরে ৮৬ নম্বর সড়কের মাঝামাঝি বিএনপি’র চেয়ারপারসনের কার্যালয়।
গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন,রাত ১০ টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের উত্তরে আনুমানিক ৪০০ গজ উত্তরে ৮৪ নম্বর সড়কের মাথায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপরই পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা ককটেল ছুড়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। বিএনপি’র চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানায়,বিস্ফোরণের সময় খালেদা জিয়া কার্যালয়ে ছিলেন না। তিনি প্রবেশের আনুমানিক ৫মিনিট আগে বিস্ফোরণের ঘটনা ঘটে।