News71.com
 Bangladesh
 02 May 17, 11:31 PM
 209           
 0
 02 May 17, 11:31 PM

খুলনা বিএনপিতে আবারও উত্তেজনা

খুলনা বিএনপিতে আবারও উত্তেজনা


নিউজ ডেস্কঃ আগামী ৬ মে খুলনায় বিএনপির কর্মীসভা সফল করতে কোনো আনন্দ মিছিল, পরস্পরবিরোধী স্লোগান এবং কোনো ব্যক্তি সমর্থক গোষ্ঠীর শোডাউন না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এসব কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য শক্তিশালী স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্ধযুগ আগে মেয়াদ শেষ হয়ে যাওয়া খুলনা মহানগর বিএনপির কমিটি গঠন না হওয়াকে কেন্দ্র করে খুলনায় বিএনপির দুটি ধারা প্রবাহিত হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। এই সিদ্ধান্তের ফলে খুলনা মহানগর বিএনপিতে চরম উত্তেজনা বিরাজ করছে। খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার দুপুরে কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়’ সভায় আগামী ৬ মে সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে মহানগর বিএনপি ও বিকেল ৪টায় একইস্থানে জেলা বিএনপির প্রতিনিধিসভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।


সভা থেকে আগামীকাল ৩ মে’র মধ্যে প্রতিনিধি তালিকা প্রস্তুত করা এবং প্রতিনিধি সভার দিন নির্ধারিত সময়ের আধাঘণ্টা পূর্বে আসন গ্রহণ করার জন্য আহ্বান করা হয়। সভায় ৬ তারিখের প্রতিনিধিসভা সফল করতে সকল নেতাকর্মীদের সহযোগিতা কামনা করে বলা হয়, যেহেতু এটি প্রতিনিধিসভা সেহেতু কোনো আনন্দ মিছিল, পরস্পরবিরোধী স্লোগান ও কোনো ব্যক্তি সমর্থক গোষ্ঠীর শোডাউন না করার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য শক্তিশালী স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিকে, খুলনা বিএনপির অপর গ্রুপের নেতৃত্ব প্রদানকারী এসএম আরিফুর রহমান মিঠু বলেন, নগর বিএনপির শীর্ষপদ আকড়ে থাকা একটি অংশ দলের বৃহত্তর ত্যাগী ও পরীক্ষিত একটি অংশকে বাইরে রেখে আগামী ৬ মে কর্মী সভার আয়োজন করেছে। যা স্বৈরাচারী ও স্বেচ্ছাচারীতার বহিঃপ্রকাশ। তিনি বলেন, আমরা প্রতিনিধি সভায় যোগ দেব। এ জন্য প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপির সাতজন ও অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচজন করে উপস্থিত থাকবে। এছাড়া থানা বিএনপির ১০ জন ও নগর শাখার ১০০ জন উপস্থিত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন