
নিউজ ডেস্কঃ রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্র। সকলক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।বিশ্বনেতারা শেখ হাসিনাকে অনুসরণ করছেন। বাংলাদেশকে ফলো করছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব। তিনি সাংবাদিকদের বেশ কিছু সমস্যা সমাধান করে দিয়েছেন। বাকিগুলোরও সমাধান হবে। প্রধানমন্ত্রীর কাছে আপনাদের দাবিগুলো পৌঁছালে আপনারা কখনও নিরাশ হবেন না। প্রয়োজন হলে আমিও আপনাদের সহযোগিতা করতে পারি।
গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের আয়োজনে `সাংবাদিকদের শ্রম মূল্যায়ন ও মর্যাদা রক্ষা` শীর্ষক আলোচনা সভায় রেলপথ মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান। এরপর আলোচনা সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাবেক সভাপতি ও মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ।
ডিএসইসি সভাপতি কেএম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, দৈনিক ভোরের ডাক পত্রিকার বার্তা সম্পাদক মাহবুব আলম প্রমুখ। অনুষ্ঠানে ডিএসইসির সাবেক সভাপতি মীর মোস্তাফিজ আহমেদ, আল মামুন, সাধারণ সম্পাদক শাহজাহান মিঞা, ডিইউজের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মফিজুর রহমান খান, ডিএসইসি সহ-সভাপতি সাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমাম মো. মাসুদ, কোষাধ্যক্ষ জাওহার ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আনজুমান আরা শিল্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম জহিরুল ইসলাম, দফতর সম্পাদক খন্দকার হাফিজুর রহমান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক লাবিন রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য তাহমিনা আক্তার, শামীম মাশরেকী, আলম শামস, নির্মল কুমার বর্মন, নুরুল ইসলাম, বাবলু রহমান প্রমুখসহ তিন শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।