
নিউজ ডেস্কঃ জমি নিয়ে বিরোধের জেরে হাত-পায়ের রগ কর্তনসহ কুপিয়ে জখম করা পটুয়াখালীর কলাপড়ায় উপজেলা আওয়ামী সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক অভি গাজী (২৮) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই সঙ্গে এই হামলা ও টেঁটাবিদ্ধে আহত তিনজনের মধ্যে দুইজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত অভি কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির গাজীর ছেলে। মৃত অভির ভাই অমি গাজী জানান, গতকাল সোমবার সন্ধ্যায় কলাপাড়া সিকদার সড়কে একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় তার চাচা আওয়ামী লীগ নেতা গাজী আব্বাস উদ্দিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লোক অভিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হাত-পায়ের রগ কেটে দেন।
অভিকে বাঁচাতে কোয়েল ও আহমদ উল্লাাহ এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। এ সময় টেঁটা নিক্ষেপ করলে স্থানীয় পথচারী হোটেল ব্যবসায়ী পপির পিঠে তা বিদ্ধ হয়। রাতেই আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ ভর্তি করা হয়। রাত আড়াইটার দিকে অভি মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে অভির পরিবারের সঙ্গে চাচাদের দ্বন্দ্ব চলছে। এর জের ধরে একমাস আগে অভি ও তার বাহিনী চাচা আক্কাস গাজীকে কুপিয়ে জখম করে। ওই ঘটনাকে কেন্দ্র করে অভির ওপর হামলা চালিয়েছে তার চাচা আব্বাস ও তার বাহিনী। কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ইসমাইল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি।