
নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১৭০ পিছ ইয়াবাসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের সমর্থকরা কক্সবাজার-টেকনাফ সড়কে টায়ার জ্বালিয়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি করে। আজ মঙ্গলবার সকালে হোয়াইক্যং খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন- হোয়াইক্যং পূর্ব মহেশখালীয়া পাড়ার ঠান্ডা মিয়ার ছেলে আব্দুস সালাম ওরফে ভুলু ও তার ভাই আবুল কাশেম । টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খান বলেন, ‘মঙ্গলবার ভোরে পূর্ব মহেশখালীয়া পাড়ার এক বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ১০ লাখ টাকা ও ১৭০ পিছ ইয়াবাসহ সরঞ্জাম উদ্ধার করা হয়।
ওসি বলেন, ইয়াবা বিক্রেতাদের আটকের খবর পেয়ে তাদের সমথর্করা সকাল ৮ টা থেকে কক্সবাজার-টেকনাফ সড়কে টায়ার জ্বালিয়ে বৈদ্যুতিক খুঁটি, গাছপালা কেটে অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে অবরোধকারীরা পুলিশের উপর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৬ রাউন্ড ফাঁকা গুলি করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে যান চলাচল স্বাভাবিক হয়। ওসি আরও বলেন, এ ঘঘটনায় আটক দুজনসহ ১৮ জনকে এজাহারনামীয় এবং দুশো থেকে তিনশ জনকে পলাতক দেখিয়ে মামলা রুজু করা হয়েছে