
নিউজ ডেস্কঃ যশোরের মণিরামপুর উপজেলায় আতাউর রহমান (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বাড়িয়ালি নামক স্থান থেকে ওই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আতাউর মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের কাশেম আলী মোড়লের ছেলে। মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান,ভোর রাতে বাড়িয়ালি নামক স্থান থেকে পুলিশ আতাউরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।
ওসি আরো জানান,স্থানীয় গোষ্ঠীগত দ্বন্দ্বে দু’বছর আগে ওই এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই হত্যা মামলার আসামি ছিলেন আতাউর। হত্যাকাণ্ডের পর আতাউর যশোর শহরে থাকতেন। সম্প্রতি তিনি গ্রামে আসে।গতকাল সোমবার রাত ৮টার দিকে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র’র বাড়িতে যান। ঝড়বৃষ্টির মধ্যে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে বাড়িয়ালি নামক স্থানে দুর্বৃত্তদের কবলে পড়েন। দুর্বৃত্তরা তাকে গুলি করে ফেলে রেখে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বলে জানান ওসি।