
নিউজ ডেস্কঃ সাগরে লঘুচাপের কারণে দেশের কোথাও কোথাও অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শীলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত সোমবার সন্ধ্যা ৭ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর । বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এতে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শীলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বা কোথাও কোথাও আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ঢাকার তাপমাত্র বৃদ্ধি পেতে পারে। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় (১০-১৫) কি.মি. যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় (৪০-৫০) কি.মি. হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৬১ শতাংশ। পরবর্তী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আগামী ৫দিনে শেষের দিকে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুর রহিম বলেন, আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।