
নিউজ ডেস্কঃ সোমবার সন্ধ্যার পর থেকে রাজধানীতে শুরু হওয়া বৃষ্টিতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে কাজ শেষে ঘরমুখো মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। সারাদিন বৃষ্টির ছিটেফোঁটা না থাকলেও সন্ধ্যার পর থেকে রাজধানীতে ঝড়ো-হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়। এতে বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় পানি জমে যায়। ফলে অধিকাংশ সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন দেখা দেয় ও পথচারীরা ব্যাপক ভোগান্তির শিকার হন। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রাত সোয়া ৯টায় অধিদফতরের ডিউটি অফিসার জানান, ৯টার পর থেকে বৃষ্টিপাত বেড়েছে। এখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। হঠাৎ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ বিশেষ করে পথচারীরা বিড়ম্বনার শিকার হন।তবে সোমবার ছুটির দিন হওয়ায় রাস্তাঘাটে মানুষজন ছিল অপেক্ষাকৃত কম। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।