
নিউজ ডেস্কঃ খুলনা সদর থানা পুলিশের কর্তব্যরত সদস্যদের মারপিট, ইট পাটকেট নিক্ষেপ ও নাশকতার অভিযোগে যুবদলের খুলনা মহানগরী শাখার নতুন কমিটির সভাপতি-সম্পাদকসহ ৫০ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। সোমবার খুলনা সদর থানা পুলিশের এসআই রুবেল মোহন্ত বাদী হয়ে দণ্ডবিধির বিভিন্ন ধারা উল্লেখ করে এই মামলাটি করেন।
মামলায় আসামিরা হলেন, খুলনা মহানগর যুবদলের নতুন কমিটির সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, একরামুল হক হেলাল, মেহেদী হাসান সোহাগ, আজিজুর রহমান দুলু, শফিকুল আলম তুহিন, সুলতান মাহমুদ সুমন, সাকির আহম্মেদ, বিপ্লব, আব্দুল্লাহেল কাফি সখা, নাসিম, ফিরোজ শেখ, মাসুম ওরফে হনু মাসুম, জামিল, সোহাগ গাজী, রাল মিয়া, সাইফুল, শেখ ওমর আলী, শেখ আনোয়ার হোসেন, শেখ আসাদ, মাসুদ রানা, জাবির, শান্ত, রুবেল, শেখ ডেবিড, বেলাল হোসেন। এছাড়া মামলায় অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, গত ৩০ এপিল খুলনা মহানগর যুবদলের ৬০-৭০ জন নেতাকর্মী সদর থানা সংলগ্ন কার্ড সেন্টার-২ এর সামনে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের বাধা দেয়ার চেষ্টা করলে তারা পুলিশকে মারপিটসহ ইট পাটকেল ছোড়ে নাশকতা সৃষ্টি করে।
এ বিষয়ে খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর বলেন, আমাদের বিরুদ্ধে পুলিশ যে অভিযোগে মামলা করেছে তা সত্য নয়। আগামী ৬ মে কেন্দ্রীয় বিএনপি নেতা রুহুল কবির রিজভীর উপস্থিতিতে বিএনপির যে সমাবেশ হওয়ার কথা রয়েছে তা বানচাল করার জন্য এ মিথ্যা মামলা দেয়া হয়েছে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মিজানুর রহমান বলেন, যুবদলের নেতাকর্মীরা পুলিশের কাজে বাধা দিয়েছে। তারা পুলিশ সদস্যদের ওপর হামলাও করেছে। তাই মামলা করা হয়েছে।