
নিউজ ডেস্কঃ শ্রমিক-মালিক গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে বয়রাস্থ বিভাগীয় শ্রম দফতর প্রাঙ্গণে আলোচনা সভা আয়োজন করা হয়। বিভাগীয় শ্রম দফতর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দফতর এবং জেলা প্রশাসন যৌথভাবে আলোচনা সভা আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন, দেশের সমৃদ্ধি, উন্নয়ন ও উৎপাদনের মূল কারিগর শ্রমিকরা। অর্থনৈতিক উন্নয়নে শ্রমজীবী মানুষের কল্যাণ, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাই বর্তমান সরকার শ্রমিক মালিকের কল্যাণে শ্রম আইন প্রণয়ন করেছে। কলকারখানায় যাতে কোনো ধরনের অনাকাঙ্খিত পরিবেশে সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে তিনি মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
খুলনা বিভাগীয় শ্রম দফতরের যুগ্ম পরিচালক আখতার হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান, এফআর জুট মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ মো. ফজলুর রহমান, বিএফএফইএ’র পরিচালক এসএম হুমায়ুন কবীর, জেলা শ্রমিক লীগের সভাপতি বি এম জাফর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দফতরের উপ-মহাপরিদর্শক মহর আলী মোল্লা, উপ-শ্রম পরিচালক মো মিজানুর রহমান, জাতীয় শ্রমিক লীগের খুলনা শাখার মহিলা সম্পাদিকা মনিরা সুলতানা প্রমুখ।
এর আগে দিবসটি পালন উপলক্ষে কেডিএ নিউ মার্কেট থেকে বর্ণাঢ্য র্যা লি বের হয়ে বয়রা বিভাগীয় শ্রম দফতরে এসে শেষ হয়। র্যা লিতে নেতৃত্ব দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন।