
নিউজ ডেস্কঃ সাম্প্রদায়িকতার সঙ্গে আপোশ করে মুক্তিযুদ্ধ বাঁচতে পারে না। শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িকীকরণ মানবতাবিরোধী অপরাধের সামিল। এ জন্য শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতাকে আমরা মেনে নিতে পারি না।গতকাল রবিবার রাতে শেরপুরে অগ্নিযুগের সিংহ পুরুষ,ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী রবি নিয়োগীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য। সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ'র আয়োজনে শহরের পৌর নিউমার্কেট সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পংকজ ভট্টাচার্য বলেন,হেফাজতিদের কাছে গণতান্ত্রিক শক্তি আজ অবরুদ্ধ হয়ে পড়েছে। বাংলাদেশের সৌদি সামরিক জোটে অংশগ্রহণ,সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম,পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকীকরণ আর হেফাজতিদের নিয়ে ক্ষমতাসীনদের বৈঠক করা যেন একসূত্রে গাঁথা। এতে আমাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র ক্ষয়িষ্ণু হওয়ার প্রমাণ মেলে।
রাষ্ট্রপতি অ্যাডভেকেট আব্দুল হামিদের জাতীয় সংসদে এমপিদের মধ্যে ব্যবসায়ীর সংখ্যাই বেশি'এমন বক্তব্যের উদ্ধৃতি দিয়ে পংকজ ভট্টাচার্য বলেন,রাজনীতি এখন ব্যবসায়ীদের দখলে চলে গেছে। রাজনীতিকে তারা ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এ কারণে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় এখন আর তাদের পাশে দাঁড়ানোর লোকের বড় অভাব। এ অবস্থার পরিবর্তন আনতে হবে। এ জন্য মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সকল অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে একদিন রাজনীতিতে আর রাজনীতিবিদরা থাকতে পারবেন না। সকল অপশক্তি তাদেরকে গ্রাস করে ফলবে। যার আলামত আমাদের দেশে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এ জন্য বিপ্লবী রবি নিয়োগীর মতো আদর্শ ও চেতনার মানুষ আজ খুবই প্রয়োজন।