
নিউজ ডেস্কঃ ঝড়ের কবলে পড়ে রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসাপড়ুয়া দুই শিশুসহ পাঁচজন নিখোঁজ রয়েছে। দমকল বাহিনীর ডুবুরি দল নিখোঁজদের উদ্ধার করতে অভিযান চালাচ্ছে।নিখোঁজ পাঁচজনের মধ্যে চারজনের নাম জানাতে পেরেছে দমকল বাহিনী। তারা হলো- রাজশাহী মহানগরীর দরগাপাড়া এলাকার রফিক (৩০), একই এলাকার তানিম (৮), তালাইমারী এলাকার আসাদুল (৩০) ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঝিকরগাছা এলাকার আহাদ (১০)। অপর এক যুবকের নাম জানা যায়নি।
রাজশাহী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু তানিম ও আহাদ দরগাপাড়া এলাকার একটি মাদ্রাসার ছাত্র। রবিবার বিকালে তারা নৌকায় চড়ে দরগাপাড়া এলাকার সামনে পদ্মার ওপারে চরে গিয়েছিল।
সন্ধ্যার একটু আগে আবহাওয়া খারাপ হয়ে উঠলে একটি নৌকা তাদের আনতে গিয়েছিল। ওই নৌকায় দরগাপাড়া এলাকার রকি ও রাশেদ নামে দুই ব্যক্তিও ছিলেন। ঝড়ের সময় নৌকাটি মাঝিসহ সাতজনকে নিয়ে এপারে ফিরছিল। এক পর্যায়ে প্রবল ঝড়ের কবলে পড়ে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এরপর রকি ও রাশেদ সাঁতরে তীরে উঠলেও দুই শিশুসহ পাঁচজন নিখোঁজ থাকেন।
ফরহাদ হোসেন জানান, ঘটনার পর রকি ও রাশেদকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তারা সুস্থ হলে সোমবার সকাল ৮টা থেকে তাদের নদীতে নিয়ে যাওয়া হয়। এরপর তারা নৌকা ডোবার স্থান চিহ্নিত করেন। এখন ডুবুরিরা দরগাপাড়া এলাকায় নদীর তলদেশে উদ্ধার অভিযান চালাচ্ছে।
তিনি জানান, এর আগে রবিবার রাত সাড়ে ১১টায় খবর পাওয়ার পর সারারাত সার্চ লাইট দিয়ে নৌকাটি খোঁজেন দমকল বাহিনীর কর্মীরা। তবে নৌকাটি পাওয়া যায়নি, নিখোঁজ কাউকে উদ্ধারও করা যায়নি। প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় রাজশাহীতে তাণ্ডব চালায় কালবৈশাখী। ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ৯৫ কিলোমিটার। কালবৈশাখী এসেছিল দক্ষিণ-পশ্চিম কোণ থেকে।
ঝড়ের সময় গাছ পড়ে জেলার গোদাগাড়ী উপজেলায় এক কৃষকের মৃত্যু হয়েছে। ঝড়ের সঙ্গে ৪৭ মিলিমিটার বৃষ্টিও হয়েছে। ঝড়ে বহু ঘরবাড়ির ক্ষতি হয়েছে। আম ও ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।