News71.com
 Bangladesh
 01 May 17, 10:38 AM
 172           
 0
 01 May 17, 10:38 AM

মহান মে দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী।।

মহান মে দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আমরা পোশাক শিল্পসহ ৩৮টি শিল্পখাতের শ্রমিকদের জন্য নূন্যতম মজুরির সীমা বেঁধে দিয়েছি। শ্রমঘন গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের নূন্যতম মজুরি ৫ হাজার ৩০০ টাকায় উন্নীত করা হয়েছে। মহান মে দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আজ সোমবার ‘মহান মে দিবস।শ্রমজীবী-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অবিস্মরণীয় দিন। ১৮৮৬ সালের এ দিনে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা আত্মাহুতি দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার। দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মেহনতি মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা এবং তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন,আমাদের এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল শ্রমজীবী সমাজ পেতে শুরু করেছে। তিনি আরো বলেন,আমরা শ্রমজীবী মানুষের কল্যাণে লাগসই প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার এবং উন্নত ব্যবস্থাপনা বাস্তবায়নে বদ্ধপরিকর।তিনি আশা করেন,মহান মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিক এবং মালিক পরস্পর সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে কলকারখানার উৎপাদন বৃদ্ধিতে আরো নিবেদিত হবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সক্ষম হবেন।

প্রধানমন্ত্রী বলেন,এরইমধ্যে ‘বাংলাদেশ শ্রম আইন ২০০৬’যুগোপযোগী ও আধুনিক করে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন ২০১৩’ প্রণয়ন করা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫’ প্রণয়ন করা হয়েছে। আমরা বিএনপি-জামাত জোট আমলে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালু করেছি।

শেখ হাসিনা বলেন,সরকারেরর আন্তরিক প্রচেষ্টার ফলে আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও কার্যক্রম আরো সুদৃঢ় হয়েছে। মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখা, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) আইন ২০১৩,সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বিধি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে বলেও বাণীতে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন,আমরা জাতীয় শিশুশ্রম নিরসন নীতি,জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি নীতিমালা এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি প্রণয়ন করেছি। প্রায় ৫৪৯ লাখ টাকা ব্যয়ে ৬২টি চা বাগানে কর্মরত মহিলা শ্রমিকদের স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যসেবার বিভিন্ন সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে। আমরা শ্রমিক কল্যাণ তহবিল থেকে শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছি। এ তহবিলে ১২২ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ১০৯টি শ্রমিক পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শিল্পকারখানায় বিশেষ করে গার্মেন্টস সেক্টরে সার্বিক নিরাপত্তা সন্তোষজনক রাখার লক্ষ্যে মানসম্মত ও যথাযথ পরিদর্শন ও মনিটরিং ব্যবস্থা চালু করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন