
নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,পবিত্র রমজান মাসকে সামনে রেখে যাতে কোন ধরনের মূল্যবৃদ্ধি বা পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সরকার সে বিষয়ে সতর্ক রয়েছে। দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য,মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন,কৃত্রিম উপায়ে সংকট সৃষ্টির চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারে চাহিদার তুলায় অনেক বেশি পণ্য বর্তমানে মজুত রয়েছে। কোন পণ্যের সংকটের সম্ভাবনা নেই, বাজার দরও স্বাভাবিক এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে।
আজ রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সাথে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ,মূল্য পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে রাস্তায় বা ফেরী ঘাটে যাতে কোন ধরনের হয়রানি বা চাঁদাবাজি করা না হয়,সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেরিতে অগ্রাধিকার ভিত্তিতে পণ্যবাহী যানবাহন পারাপার করা হবে। সুনির্দিষ্ট কোন অভিযোগ ছাড়া রাস্তায় পণ্যবাহী যানবাহন থামানো যাবে না। হাইওয়ে পুলিশ টহল জোরদার করবে। কোন ধরনের হয়রানির সাথে যেই জড়িত হবে,তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।