
নিউজ ডেস্কঃ পশ্চিমবঙ্গের শুভায়ন হোমে থাকা ৬ বাংলাদেশি কিশোরকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। আজ রবিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে এই ছয় কিশোরকে বিজিবি’এর হাতে তুলে দেয় বিএসএফ। এর আগে হোম থেকে কিশোরদের এসকর্ট করে হিলি সীমান্তে নিয়ে আসা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন ভারতের হিলি ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি)-এর ওসি নাজির হোসেন,বাংলাদেশের হিলি আইসিপি’এর ওসি আকতাব হোসেন,বিএসএফ,বিজিবি এবং শুভায়ন হোমের কর্মকর্তারা। প্রায় দেড় বছরের বেশি সময় ধরে এরা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে সরকারি হোম ‘শুভায়ন’এ ছিল। তাদের প্রত্যেকেরই বয়স ১৮ বছরের নিচে।
এরা হল কুড়িগ্রাম জেলার চন্দ্রগোনার গ্রামের বাসিন্দা মুহাম্মদ হাসিন আলীর দুই সন্তান মুহাম্মদ দুলাল আলী (১৪) এবং মুহাম্মদ রাজু (১২),ওই জেলারই হাসনাবাদ গ্রামের বাসিন্দা মুহাম্মদ হোসেন আলীর সন্তান মুহাম্মদ মুসা আলী (১৪),বিন্নাবাড়ি গ্রামের বাসিন্দা প্রয়াত নবিরুদ্দিনের সন্তান মুহাম্মদ তাসলিম আলী,কুটিচন্দ্রকনা গ্রামের বাসিন্দা জামাল রহমানের সন্তান জাহিদ আসান (১৭) এবং বান্দারবন জেলার দক্ষিণ নয়াপাড়া গ্রামের বাসিন্দা আবদুল সুকুরের সন্তান নুরুল ইসলাম (১৩)। এদের মধ্যে কেউ ঘুরতে এসে,কেউ বা দালালের ফাঁদে পড়ে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ’এর হাতে আটক হয়। এরপর তাদের অবস্থান হয় সরকারি শুভায়ন হোমে।