News71.com
 Bangladesh
 30 Apr 17, 10:21 AM
 204           
 0
 30 Apr 17, 10:21 AM

ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করতে আজ সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করতে আজ সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ হাওরাঞ্চল পরিদর্শনে সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী । রবিবার সকাল ১০টায় হেলিকপ্টারে করে তিনি শাল্লা উপজেলার শাহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছবেন। তার সঙ্গে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শাল্লায় পৌঁছার পর শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন ও দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে হাওর এলাকা শাল্লাকে। আইনশৃঙ্খলা বাহিনী কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে। ইতোমধ্যে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা শাল্লায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে আওয়ামী লীগ নেতারা কয়েক দফায় প্রস্তুতি সভাও করেছে।


সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনের পর প্রধানমন্ত্রী উপজেলার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো সুনামগঞ্জবাসীর মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। এর আগে ২০১০ সালের ১০ নভেম্বর সুনামগঞ্জের তাহিরপুরে গিয়ে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করেছিলেন শেখ হাসিনা।


উল্লেখ্য, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারি বৃষ্টিতে বাঁধ ভেঙে যাওয়ায় ১৪২টি হাওরের বোরো ধান তলিয়ে গেছে। এতে ২ লাখ ২৩ হাজার ৮৫০ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন লাখ কৃষক পরিবার। এছাড়া ধানের গাছ পচে যাওয়ায় কয়েক মেট্রিকটন মাছ এবং কয়েক হাজার হাঁস মারা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন