
নিউজ ডেস্কঃ নড়াইলে অভ্যন্তরীণ কোন্দলের জেরে নড়াইলে ছাত্রলীগের তিন সমর্থককে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় নাছির নামে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ সকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুলের সমর্থকদের সাথে সহসম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু সমর্থকদের মধ্যে কলেজ ক্যাম্পাস এবং রামকৃষ্ণ আশ্রম এলাকায় দুই দফায় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমর্থক নাসির উদ্দিন, শামীম ও আরমান। তাদেরকে কুপিয়ে জখম করা হয়েছে। তাদের মধ্যে থেকে নাছির নামে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল জানান, সংগঠনের তিন সমর্থককে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। তবে, প্রতিপক্ষের নেতাকর্মী ও সমর্থকেরা এ অভিযোগ অস্বীকার করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন খান জানান, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।