
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএসএফ এর গুলিতে আহত আরেক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই যুবক। এ ছাড়াও এদিন সন্ধ্যায় আরো একজনের মৃতদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাত ১০টার দিকে ২০১ এর ৫ আর পিলার গিলাবাড়ী সংলগ্ন এলাকা দিয়ে ভারতে গরু আনতে গেলে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ভোলাহাট উপজেলার পাঁচটিকরি গ্রামের আব্দুল হাই এর ছেলে আব্দুস সামাদ (৩০) এর পেটে গুলি লাগে। এ সময় সে গুরুতর আহত হয়। পরদিন তাকে তার স্বজনরা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৫ নং ওয়ার্ডের পেইং বেড নং ২- এ চিকিৎসার জন্য ভর্তি করে। তবে সামাদের অবস্থার উন্নতি না হয়ে আজ শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে সে। এর পূর্বে ওইদিন(রবিবার) রাত ১০টার দিকে বিএসএফ এর গুলিতে একই উপজেলার শিকারী গ্রামের এরফান আলীর ছেলে গরু ব্যবসায়ী সাইদুল ইসলাম (২৮) মারা যায়। এ নিয়ে বিএসএফএ এর গুলিতে দুজনের মৃত্যু হলো।
এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা যায়,এ ঘটনার দিন থেকে আরো ১৭ জন আহত এবং নিখোঁজ রয়েছে। সামাদের মৃত্যুর ঘটনাটি ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ মহসিন আলী নিশ্চিত করেছেন। তিনি জানান,ভোলাহাট মহানন্দা নদীর বারইপাড়া পোয়ারামঘাট এলাকা থেকে আরো একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে,২৩ এপ্রিল রবিবার বিএসএফ এর গুলিতে মারা যায় এই অজ্ঞাত যুবক।