News71.com
 Bangladesh
 29 Apr 17, 10:02 PM
 232           
 0
 29 Apr 17, 10:02 PM

৩৩ হাজার কোটি টাকার ভ্যাট বকেয়া , শুধুমাত্র ৩০ প্রতিষ্ঠানের কাছেই ১৬ হাজার কোটি।।  

৩৩ হাজার কোটি টাকার ভ্যাট বকেয়া , শুধুমাত্র ৩০ প্রতিষ্ঠানের কাছেই ১৬ হাজার কোটি।।   

নিউজ ডেস্কঃ মামলা সংক্রান্ত জটিলতায় সরকারের বিশাল অঙ্কের ভ্যাট (মূল্য সংযোজন কর) আটকে রয়েছে। বড় ৩০টি প্রতিষ্ঠানের কাছেই মামলায় আটকে রয়েছে ১৬ হাজার ২৭৬ কোটি টাকার ভ্যাট। এর বাইরে সরকারি প্রতিষ্ঠান পেট্রোবাংলার কাছে বকেয়া রয়েছে প্রায় ১৩ হাজার কোটি টাকার ভ্যাট। বৃহত্ করদাতা ইউনিটের (এলটিইউ-ভ্যাট) হিসাবে সব মিলিয়ে ৮০৪টি মামলা ও বকেয়া মিলিয়ে আটকে রয়েছে ৩৩ হাজার ৭৯ কোটি টাকার ভ্যাট! এর বাইরে আয়কর ও শুল্ক সংক্রান্ত মামলায় আটকে রয়েছে আরো বিশাল অঙ্কের রাজস্ব। এসব কারণে বছরের শুরুতে নেওয়া রাজস্ব লক্ষ্যমাত্রাও অর্জন করা যাচ্ছে না। যার নেতিবাচক প্রভাব পড়ছে সরকারের উন্নয়ন পরিকল্পনায়ও।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,প্রতিষ্ঠানগুলোর কাছে রাজস্ব দাবি করা হলে মামলা করে উদ্দেশ্যমূলকভাবে রাজস্ব আটকে রাখার কৌশল নেওয়া হয়। এলটিইউ-ভ্যাটের হিসাবে ৩০ প্রতিষ্ঠানের কাছে মামলায় আটকে থাকা ১৬ হাজার ২৭৬ কোটি টাকার মধ্যে ২৩৯টি মামলা বর্তমানে হাইকোর্টের রিট জুরিসডিকশনে রয়েছে। এসব মামলায় এনবিআরের ভ্যাটের পরিমাণ ১০ হাজার ৮১৩ কোটি টাকা। হাইকোর্টের আপিল জুরিসডিকশনে ৪৬ মামলায় দাবিকৃত ভ্যাট ১৫৯ কোটি টাকা। এছাড়া দাবিকৃত ভ্যাটের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ২ হাজার ৫৪ কোটি টাকা আর এনবিআরের আওতাধীন ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালে রয়েছে ৩ হাজার ২৫০ কোটি টাকা।


৩০টি প্রতিষ্ঠানের মধ্যে মোবাইল ফোন অপারেটর চারটি কোম্পানি রয়েছে। এগুলো হলো গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি অজিয়াটা ও সরকারি ফোন সেবাদানকারী কোম্পানি টেলিটক। রয়েছে সিগারেট খাতের দুটি কোম্পানি। আকিজ গ্রুপের রয়েছে ৪টি প্রতিষ্ঠান। এগুলো হলো আকিজ পার্টিক্যাল বোর্ড মিল, আকিজ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং মিল, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আকিজ সিমেন্ট কোম্পানি। এছাড়া তালিকায় রয়েছে অগ্রণী ব্যাংক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট (ওয়েস্টিন হোটেল), ইউনিলিভার বাংলাদেশ,ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস,এসকেএফ ফার্মাসিউটিক্যালস,স্কয়ার ফার্মাসিউটিক্যালস,ইমপ্রেস টেলিফিল্ম,ইসলামী ব্যাংক,এসিআই,গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স,জনতা ব্যাংক,ট্রান্সকম বেভারেজ, ঢাকা ওয়াসা,পারটেক্স বেভারেজ,প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল,সাধারণ বীমা কর্পোরেশন,সেভেন সার্কেল বাংলাদেশ,সোনালী ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।


এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন,অতীতে আইনি প্রক্রিয়া শেষে চূড়ান্ত রায়ের বেশিরভাগই এনবিআরের পক্ষে এসেছে। যে কোনো দাবিনামা জারি করা হলেই কোম্পানিগুলো আইনি প্রক্রিয়ায় চলে যাচ্ছে। এর ফলে বছরের পর বছর পার হয়ে যায়। কাঙ্ক্ষিত সময়ে সরকারের ঘরে আসছে না রাজস্ব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন