News71.com
 Bangladesh
 29 Apr 17, 09:43 PM
 189           
 0
 29 Apr 17, 09:43 PM

ভারতের আনন্দ পুরস্কার গ্রহণ করলেন বাংলাদেশের অধ্যাপক আনিসুজ্জামান।।  

ভারতের আনন্দ পুরস্কার গ্রহণ করলেন বাংলাদেশের অধ্যাপক আনিসুজ্জামান।।   

নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রখ্যাত লেখক,গবেষক এবং ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ১৪২৩ বঙ্গাব্দের ‘আনন্দ’পুরস্কার পেয়েছেন।তার আত্মজীবনীর নতুন পর্ব ‘বিপুলা পৃথিবী’-বইটির জন্য তাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়। আজ শনিবার সন্ধ্যায় কলকাতার ‘দ্য ওবেরয় গ্র্যান্ড’ হোটেলে এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেন কবি শঙ্খ ঘোষ।

পুরস্কার পেয়ে উদ্যোক্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আনিসুজ্জামান বলেন ‘এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত গৌরবান্বিত। বিশ্বের যেখানে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা করছেন তাদের সকলের জন্য একটি মাত্র পুরস্কার উন্মুক্ত আছে,সেটি হল এই ‘আনন্দ’ পুরস্কার। আমি মনে করি যে আনন্দ পুরস্কার লাভ করে আমি প্রাপ্যের অধিক সম্মান পেয়েছি। আমি আরও গর্বিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে যে শ্রদ্ধেয় শঙ্খ ঘোষের হাত থেকে এই পুরস্কারটি পেলাম।

এই পুরস্কারের সঙ্গে দীর্ঘদিনের যোগ রয়েছে প্রখ্যাত এই লেখক ও গবেষকের। সেই প্রসঙ্গটি তুলে আনিসুজ্জামান বলেন,১৯৯৪ সাল থেকেই আনন্দ পুরস্কারের সঙ্গে আমার যোগ রয়েছে। তখন একাধিক শাখায় এই পুরস্কার দেওয়া হতো। সে বছর মননশীল রচনায় এই পুরস্কার পান অন্নদাশঙ্কর, শামসুর রহমান পেয়েছিলেন কবিতায় এবং বাংলা সাহিত্যের প্রচার ও প্রসারে আমি ও নরেন বিশ্বাস এই পুরস্কার লাভ করি। তার এক বছর পর থেকে টানা বিশ বছর আনন্দ পুরস্কার প্রদান প্রক্রিয়ার সঙ্গে আমি যুক্ত ছিলাম। সেই দায়িত্ব শেষ হওয়া মাত্রই আমায় এই পুরস্কার প্রদান করা হল। আজকাল বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানে ‘গোল্ডেন হ্যান্ডশেক’ বলে একটা কথা প্রচলিত আছে। আমার এই আনন্দ পুরস্কার পাওয়াটা কারও কারও ‘গোল্ডেন হ্যান্ডশেক’ বলে মনে হতে পারে। কারণ আমার দায়িত্ব থেকে বিদায় নেওয়ার সময়ই এই পুরস্কার পেলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন