
নিউজ ডেস্কঃ রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যার ঘটনায় নুরানী আক্তার সুমি ও তার বন্ধু শাহাবুদ্দীন নাগরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী এ আদেশ দেন। এদিকে হত্যার ঘটনাটি সুষ্ঠভাবে তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে মামলাটি হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে দ্বিতীয় দফায় ৪দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মতলুবর রহমান নাগরী ও সুমিকে আজ আজ শুক্রবার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তা মঞ্জুর করেন।
এর আগে গত ১৭ এপ্রিল গ্রেপ্তারকৃত তিন আসামির ৫দিন করে রিমাণ্ড মঞ্জুর করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী। ২২ এপ্রিল তাদের ৫দিনের রিমাণ্ড শেষ হয়। দ্বিতীয় দফায় ২৩ এপ্রিল নাগরী ও সুমিকে আদালতে হাজির করা হলে দুই আসামির চার দিন করে রিমাণ্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম। এছাড়া তিনি মামলার অন্য আসামি গাড়িচালক সেলিম হোসেনকে কারাগারে পাঠানো নিদের্শ দেন।