
নিউজ ডেস্কঃ বর্তমান প্রজন্ম ক্রমেই ইতিহাস বিমুখতার কারণে শেকড়চ্যুত হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ ইতিহাস পরিষদ আয়োজিত ৪৭তম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন,বাঙালির গৌরবজ্জ্বল অতীত তারা (বর্তমান প্রজন্ম) জানে না। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে তাদের ধারণা অতি সামান্য। মাতৃভাষা চর্চার প্রতি অনিহা। অথচ এ দেশের তরুণরাই ৫২’র ভাষা আন্দোলন,৬২’র শিক্ষা কমিশন আন্দোলন,৬৯’র গণঅভ্যুত্থান এবং ৭১ এ সম্মুখ সমরের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছে।
মেনন বলেন,এই অশনিসংকেত উত্তরণে সকল কলেজ,পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ও মাতৃভাষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি আরও বলেন,ইতিহাস সময়ের প্রতিবিম্ব। বর্তমানকে বুঝতে হলে অতীতকে জানতে হবে। একটি জাতির উত্থান, অগ্রগতি ও বিকাশকে ধারণ করে ইতিহাস। উর্বর পলল ভূমির এ ভূখণ্ডের প্রতিটি প্রান্তে ইতিহাসের উপাদান ছড়িয়ে রয়েছে।
পর্যটনমন্ত্রী বলেন,আঞ্চলিক ও স্থানীয় গৌরব গাথার বিস্মৃত অধ্যায়গুলো ইতিহাসের পাতায় তুলে আনতে হবে। এর মধ্যে দিয়ে জাতীয় ইতিহাসের ভীত দৃঢ় হবে। আর ইতিহাসের সৌন্দর্য সবার কাছে তুলে ধরতে মাতৃভাষায় ইতিহাসের চর্চা করতে হবে।