News71.com
 Bangladesh
 28 Apr 17, 08:31 PM
 261           
 0
 28 Apr 17, 08:31 PM

খুলনায় অস্ত্র উদ্ধারের সময় গোলাগুলি, এএসআই ও কনস্টেবলসহ আহত ৩।।

খুলনায় অস্ত্র উদ্ধারের সময় গোলাগুলি, এএসআই ও কনস্টেবলসহ আহত ৩।।

নিউজ ডেস্কঃ খুলনার অস্ত্র উদ্ধারের সময় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সন্ত্রাসী আব্দুর রহিম (২৯) দুই পায়ে গুলিবিদ্ধ এবং একজন এসআই,একজন এএসআই ও একজন কনস্টেবল আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে নগরীর নিউ মার্কেট সংলগ্ন শিল্প ব্যাংকের পিছনের এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আব্দুর রহিম নগরীর ৫ নম্বর মাছ ঘাট এলাকার মোশারফের ছেলে।

খুলনা সদর থানার ওসি মিজানুর রহমান জানান,সন্ত্রাসী আব্দুর রহিমকে গ্রেফতার করা হলে তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তার কাছে অবৈধ অস্ত্র আছে। তার স্বীকারোক্তি অনুযায়ী ভোরে শিল্প ব্যাংকের পিছনের এলাকা থেকে চার রাউন্ড গুলি, একটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়। এসব অস্ত্র উদ্ধার করে নিয়ে আসার সময় পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসী রহিমের সহযোগীরা গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে পুলিশও সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এ সময় সন্ত্রাসী আব্দুর রহিম পুলিশকে কিল-ঘুষি মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে। এতে তার দুই পায়ে গুলি লাগে। এ ঘটনায় এসআই টিপু সুলতান,এএসআই জয়দেব কুমার ও কনস্টেবল মাহাবুবুর রহমান আহত হয়েছেন বলে ওসি দাবি করেন। ওসি বলেন,গুলিবিদ্ধ আব্দুর রহিমকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন