
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,শিক্ষা ভবিষ্যৎ নির্মাণের জন্য সবচেয়ে বড় কাজ। তাই নতুন প্রজন্মকে সঠিকভাবে প্রস্তুত করতে হবে। ভালভাবে লেখাপড়া করে নিজের জীবনকে সার্থক করার পাশাপাশি দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। জ্ঞান-প্রযুক্তি ও দক্ষতায় নিজেদের সমৃদ্ধ করতে হবে। আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন,বর্তমানে ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই,বৃত্তি,উপবৃত্তিসহ নানা ধরনের সুযোগ দেয়া হচ্ছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে। এ প্রজন্মই হবে আধুনিক বাংলাদেশ নির্মাণের কারিগর। তারা সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে। ২০২১ সালের মধ্যে আমরা লক্ষ্য অর্জন করতে চাই। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ নির্মাণ করতে চাই। এজন্য নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।