
নিউজ ডেস্কঃ সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আজগার আলী নামে এক হেলপার নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার সখিপুরের ডেল্টা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগার আলী কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ও বাসের হেলপার। আহতদের মধ্যে রিয়াজুল ইসলাম,ইউনুস আলী,ফিরোজা বেগম,নজরুল ইসলাম ও সিরাজুল ইসলামের নাম জানা গেছে। তাদের দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,কালিগঞ্জ থেকে সাতক্ষীরাগামী একটি বাস দেবহাটা উপজেলার সখিপুরের ডেল্টামোড়ে পৌঁছে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হেলপার আজগারের মৃত্যু হয় এবং কমপক্ষে ১০ জন আহত হন। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-উর-রশীদ ঘটনাস্থল থেকে এর সত্যতা নিশ্চিত করলেও নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠাবেন কিনা তা তিনি বলতে পারেননি।