
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,শেখ হাসিনার সরকারের আমলে বিশ্বের সকল দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভাল থাকে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চমৎকার বন্ধুত্বসুলভ সম্পর্ক কাজে লাগিয়ে দেশের উন্নয়ন কাজ চলছে। আজ বৃহস্পতিবার নরসিংদীর পলাশে বেলারুশের প্রতিষ্ঠান অ্যামকাডোরের পলাশ ইন্ডাস্ট্রিয়াল জোন লিমিটেডের ‘জিআই ট্রেড এন্ড সার্ভিস সেন্টার’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলারুশের শিল্পমন্ত্রী ভিতালী ভোভক,স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী,অ্যামকাডোর বাংলাদেশের চেয়ারম্যান অনিরুদ্ধ কুমার রায় প্রমুখ।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন,২০১৩ সালে বেলারুশ সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলারুশ সফরের সময় বেলারুশ হতে সহজ শর্তে দ্রব্য আমদানির জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির আওতায় বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেন নির্মাণ, মেরামত ও পরিস্কার, রাস্তা নির্মাণ ও মেরামত কাজে ব্যবহারের লক্ষে স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন ও পৌরসভাসমূহের জন্য বেলারুশ হতে ভারী যন্ত্রপাতি আমদানি করেছে।
অনুষ্ঠানে বলা হয়, বেলারুশ ও বাংলাদেশের মধ্যে ৪২৫ কোটি টাকা পণ্য ঋণ চুক্তি করা হয়েছে। এই চুক্তি উন্নয়নের একটি মাধ্যম। ইতোমধ্যে ১১টি হুইল রোলার,১১টি বেকহো লোডার,১১টি কম্বাইন্ড রোলার,৩২৯টি টুইন ড্রাম রোলার ও ৩৩০টি স্কিড স্টিয়ার লোডার আগামী ৭ মে বিতরণ করা হবে। বেলারুশ থেকে প্রথম ধাপে ৬৯২টি মেশিনসহ ১ হাজার ৩৯৫টি যন্ত্রপাতির বিভিন্ন অংশ আনা হয়েছে।