
নিউজ ডেস্কঃ একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার ঘটনায় ভারত সর্বাত্মক স্বীকৃতি দেওয়ায় ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির পক্ষ থেকে এবিষয়ে বিশ্বের অন্যান্য দেশের স্বীকৃতি আদায়ে আরো সক্রিয় হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়। কমিটির সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম,মুহাম্মদ ফারুক খান,গোলাম ফারুক খন্দ. প্রিন্স, কাজী নাবিল আহমেদ,মো. সোহরাব উদ্দিন,সেলিম উদ্দিন ও বেগম মাহজাবিন খালেদ এবং পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়,বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে বলা হয়,প্রধানমন্ত্রী ভারত সফরকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে অবস্থান করেন। ভারতের রাষ্ট্রপতি ভবনে অবস্থানের আমন্ত্রণ খুব কমসংখ্যক বিদেশি সরকার প্রধান পেয়ে থাকেন। একইভাবে শেখ হাসিনা দিল্লিস্থ পালাম বিমান বাহিনী ঘাঁটিতে পৌঁছলে প্রচলিত ভারতীয় রাষ্ট্রাচারের ব্যত্যয় ঘটিয়ে ভারতের প্রধানমন্ত্রী তাকে অভ্যর্থনা জানান। এ বিষয়টিও একটি ব্যতিক্রমধর্মী বিষয়। এছাড়াও প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি আদায়ের প্রচেষ্টায় ভারতের সহযোগিতা কামনা করলে ভারতের প্রধানমন্ত্রী এ বিষয়ে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
কমিটির পক্ষ থেকে এসকল বিষয়কে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে অনন্য উচ্চতার মাপকাঠি হিসেবে আখ্যায়িত করা হয়। বিশেষ করে গণহত্যার স্বীকৃতি আদায়ে সরকারের তৎপরতার প্রশংসা করেন কমিটির সদস্যরা।
এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের আমন্ত্রণে গত ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুটান সফরও দেশের জন্য একটি অনন্য মর্যাদার স্বীকৃতি বলে আখ্যায়িত করা হয়।