
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মখ্যাত গোপালগঞ্জকে বিভাগ ঘোষণার দাবিতে জেলাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের বঙ্গবন্ধু সড়কে এ কর্মসূচি পালন করে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল,সাংস্কৃতিক সংগঠন,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গোপালগঞ্জ বিভাগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক পৌর মেয়র কাজী লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান,মুক্তিযোদ্ধা সরদার জাকির হোসেন খসরু,জেলা জাসদ সভাপতি শেখ মাসুদুর রহমান,চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শেখ মোশারফ হোসেন,অধ্যক্ষ আবু হোসেন,জেলা বিএমএ সভাপতি ডা. আবিদ হাসান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, জেল যুবলীগ সাধারণ সম্পাদক এমবি সাইফ,সাংবাদিক এসএম হুমায়ূন কবীর প্রমুখ।