
নিউজ ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে গেলেও এর ফলে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। এমনটাই মন্তব্য করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আজ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
গত বছর গণভোটে যুক্তরাজ্যের জনগণ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান ডেভিড ক্যামেরন। ওই দায়িত্বে আসা টেরিজা মে ইতিমধ্যে ইইউ থেকে বিচ্ছেদের আলোচনার প্রক্রিয়া শুরু করেছেন। ইউরোপীয় ইউনিয়ন গঠনের পর যুক্তরাজ্যই প্রথম দেশ,যারা এই জোট থেকে বেরিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াকে সংক্ষেপে বলা হচ্ছে ব্রেক্সিট।
ইহসানুল করিম জানান,শেখ হাসিনা ও ডেভিড ক্যামেরনের বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করেন বলে প্রেসসচিব জানান।